হাসিনা বাংলাদেশে ফেরার দিন ঘোষণা করতেই, সীমান্ত পার হলেই গ্রেপ্তার জানিয়ে দিল ঢাকা

২৪শে নভেম্বর, ঢাকাঃ শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে বন্দি হয়েই ফিরতে হবে। এমনটাই জানাল তারেক রহমানের সরকার। মঙ্গলবার সকালেই স্বদেশে প্রত্যাবর্তনের দিন ঘোষণা করেছেন হাসিনা। জানিয়েছেন, তিনি ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই বিবৃতি দিল তারেক রহমানের সরকারও।

হাসিনার প্রত্যাবর্তনের ইচ্ছা প্রসঙ্গে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, “শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা, আর বাস্তবতা এক নয়। তাঁকে ফিরতে হলে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে।”

 

ঘটনাচক্রে, মঙ্গলবার সকালেই ঢাকায় বিদেশি কূটনীতিকদের নিয়ে বৈঠকে বসেছিল বাংলাদেশি বিদেশ মন্ত্রক। ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, ভারত, চিন, ব্রিটেন, আমেরিকা, জাপান-সহ ৬০টি দেশের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন সেখানে। উল্লেখ্য, হাসিনার স্বদেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা ঘিরে গত কয়েক সপ্তাহে বাংলাদেশে বিস্তর আলোচনা হয়েছে। একই সঙ্গে ছড়িয়েছে অশান্তিও। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিক্ষোভ, অবরোধ। পুলিশের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ পর্যন্তও হয়েছে। এ অবস্থায় বিদেশি কূটনীতিকদের ডেকে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন জানান, সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতেই এই বৈঠক ডাকা হয়েছিল। আওয়ামী লীগের প্রসঙ্গে বাংলাদেশবাসীর ‘কঠোর অবস্থানের’ কথাও বৈঠকে তুলে ধরা হয় বলে জানান হুমায়ুন।

হাসিনা যে ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চাইছেন, তা তিনি নিজেই কয়েক মাস আগে জানিয়ে দিয়েছিলেন। তবে নির্দিষ্ট ভাবে কোনও দিনক্ষণ এতদিন পর্যন্ত স্পষ্ট করেননি আওয়ামী লীগ নেত্রী। মঙ্গলবার সংবাদসংস্থা রয়টার্সকে হাসিনার এক মুখপাত্র জানান, ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছেন আওয়ামী লীগ নেত্রী।

রয়টার্সের প্রতিবেদনে এ-ও বলা হয়েছে, বাংলাদেশের সরকারি উড়ান সংস্থা ‘বিমান বাংলাদেশে’ করেই স্বদেশে ফিরতে চান হাসিনা। সেই মতো তারেকের সরকারের কাছে আর্জি জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। যদিও বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানান, হাসিনাকে ফেরাতে বিমানের বন্দোবস্ত করার বিষয়ে দিল্লির সঙ্গে কোনও আলোচনা হয়নি ঢাকার।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মুখ্য সরকারি আইনজীবীও (চিফ প্রসিকিউটর) হাসিনার এই বিমানের দাবিকে ‘হাস্যকর’ বলে ব্যাখ্যা করছেন। উল্লেখ্য, এই ট্রাইবুনালেই দোষী সাব্যস্ত হয়েছেন হাসিনা। তাঁকে ফাঁসির আদেশ দিয়েছে এই ট্রাইবুনালই। মুখ্য সরকারি আইনজীবীর বক্তব্য, “একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও উড়োজাহাজ চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল।” হাসিনার এমন দাবি গ্রহণযোগ্য নয় বলেই জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলা