১৬ই ডিসেম্বর, বিজয় দিবসের ঐতিহাসিক দিনে বাংলাদেশে ফিরতে চান হাসিনা! তারিখ জানিয়ে দিলেন আওয়ামী লীগ নেত্রী

২৪শে নভেম্বর, দিল্লিঃ ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার কথা আগেই জানিয়েছিলেন শেখ হাসিনা। এ বার স্বদেশে প্রত্যাবর্তনের সম্ভাব্য তারিখও জানিয়ে দিলেন তিনি। মঙ্গলবার সংবাদসংস্থা রয়টার্সকে হাসিনার মুখপাত্র জানিয়েছেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছেন আওয়ামী লীগ নেত্রী। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠার আবহে এই প্রথম হাসিনা দেশে ফেরার নির্দিষ্ট দিনক্ষণ জানালেন।

প্রসঙ্গত, বাংলাদেশে ১৬ ডিসেম্বর তারিখটির ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। ১৯৭১ সালের ওই দিন ন’মাসের মুক্তিযুদ্ধের অবসানে ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় সেনা এবং বাংলাদেশের মুক্তিবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। দিনটি বাংলাদেশে ‘বিজয় দিবস’ হিসেবে পালিত হয়।

হাসিনার মুখপাত্র সৈয়দ মোজ়াম্মেল আলি রয়টার্সকে বলেন, “২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশের বিমানে ভারতে এসেছিলেন শেখ হাসিনা। তাই দিল্লি থেকে তাঁকে ঢাকায় ফেরানোর জন্য (বাংলাদেশ) সরকারেরই বিমানের ব্যবস্থা করা উচিত।” একই সঙ্গে তাঁর সংযোজন, “২০২৪ সালের ৫ অগস্ট ভারত চলে গিয়েছিলেন শেখ হাসিনা। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারকে ব্যবস্থা করতে বলছেন উনি। সংবিধানবহির্ভূত ভাবে নির্বাসিত করা হয় তাঁকে। ১৬ ডিসেম্বর, বিজয় দিবসে তিনি যাতে দেশে ফিরতে পারেন, সেই দায়িত্ব এখন সরকারের।”

রয়টার্সের প্রতিবেদনে এ-ও বলা হয়েছে যে, বাংলাদেশের সরকারি উড়ান সংস্থা ‘বিমান বাংলাদেশে’ করেই স্বদেশে ফিরতে চান হাসিনা। সেই মতো তারেক সরকারের কাছে আর্জি জানিয়েছেন আওয়ামী লীগ নেত্রী।

বাংলাদেশের ‘বিজয় দিবসের’ দিন হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে এখনও বাংলাদেশের বিএনপি সরকার আনুষ্ঠানিক ভাবে মুখ খোলেননি। তবে রবিবার বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানান, হাসিনা দেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করে জেলবন্দি করা হবে। হাসিনাকে ফেরাতে বিমানের বন্দোবস্ত করার বিষয়ে ভারতের সঙ্গে কোনও আলোচনা হয়নি বলে জানান ওই তারেক রহমান সরকারের ওই মন্ত্রী।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছিল। ওই ট্রাইবুনালের প্রধান কৌঁসুলি মহম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশে ফিরলে হাসিনাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতেই হবে। তার বিরুদ্ধে আবেদন করার নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে। ফলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনও বিকল্প নেই। এর আগে হাসিনা অবশ্য নিজেই দাবি করেছিলেন, যে কোনও মূল্যেই তিনি দেশে ফিরতে চান। গ্রেফতারি বা মৃত্যুভয় তাঁর এই সিদ্ধান্ত বদলাতে পারবে না। মরতে হলে নিজের দেশের মাটিতে তিনি মরবেন।

২০২৪ সালের অগস্টে গণবিক্ষোভের চাপে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন হাসিনা। প্রধানমন্ত্রী পদ থেকেও তখনই ইস্তফা দেন। সেই থেকে ভারতের আশ্রয়ে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। ২০২৪ সালের অগস্টে হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেয় মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। পরবর্তী সময়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন তাঁর জাতীয় পরিচয়পত্রও লক করে দেয়।

পাসপোর্ট এবং পরিচয়পত্র (ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা এনআইসি) চেয়ে ৯ নভেম্বর হাসিনা নয়াদিল্লির বাংলাদেশি দূতাবাস মারফত ঢাকাকে যে চিঠি দিয়েছিলেন, এখনও সরকারি ভাবে তার কোনও জবাব দেয়নি বাংলাদেশ। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফের ঢাকাকে চিঠি লেখেন হাসিনা। দ্বিতীয় চিঠিতে বিষয়টি ‘জরুরি ভিত্তিতে’ বিবেচনার আর্জি জানিয়েছেন তিনি।

ঢাকার একাধিক প্রতিনিধি সংবাদমাধ্যমে জানিয়েছেন, হাসিনাকে পাসপোর্ট দেওয়ার প্রশ্নই ওঠে না। আনুষ্ঠানিক ভাবে তাঁর চিঠির উত্তর দেওয়া হয়নি। সেই কারণেই হাসিনার আইনজীবী দ্বিতীয় বার চিঠি লেখেন। এনডিটিভি জানিয়েছে, লন্ডনের ম্যাট্রিক্স চেম্বারের আইনজীবী স্টিভেন পাওয়েল্‌স হাসিনার হয়ে আইনি লড়াই চালাচ্ছেন। তিনি হাসিনার বৈধ প্রতিনিধি কি না, তার প্রমাণ দেখতে চেয়েছিল ঢাকা। পাওয়েল্‌স তার ভিত্তিতে প্রয়োজনীয় নথি দ্বিতীয় চিঠিতে যুক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলা